জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আকতার বানুর বিরুদ্ধে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের সহায়ক উপকরণ কেনার জন্য সরকারের বরাদ্দকৃত ৫০ হাজার টাকা উত্তোলন করার পরও দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করার অভিযোগ উঠেছে।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা পায়নি হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ কিংবা প্রয়োজনীয় ওষুধ। ফলে সরকারি সহায়তার অর্থ কোথায় রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ বিতরণের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮জন শিক্ষার্থীর তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা।
নিয়ম অনুযায়ী, গত জুন মাসের মধ্যে বরাদ্দের অর্থ উত্তোলন করে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ ও ওষুধসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণের কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার বানু নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলন করলেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে কোনো উপকরণ বিতরণ করেননি। ৮ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা পুরো অর্থই বিতরণ না হওয়ায় এর ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এদিকে, সরকারি এই সহায়তার বিষয়ে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের যথাযথভাবে অবহিত না করার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চললেও প্রকাশ্যে কথা বলতে অনীহা দেখা গেছে অনেকের মধ্যে।
সরেজমিনে তালিকাভুক্ত ওই ৮ শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউই বরাদ্দের কোনো সহায়ক উপকরণ কিংবা সমপরিমাণ অর্থ পায়নি। তালিকায় থাকা শিশুদের অনেকের পরিবারই মানবেতর জীবনযাপন করছে। সরকারি সহায়তা না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। এর মধ্য উপজেলার চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী দুই বোন তানিয়া ও সোনিয়াকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তাদের বাবা রফিকুল ইসলাম। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। কোনোরকম খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার।
একই বিদ্যালয়ের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের জীবনেও নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তার বাবা আতিকুর রহমান পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ৮ মাস আগে আসে তার মৃত্যুর খবর। অর্থাভাবে বাবার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। শেষবারের মতো বাবার মুখটিও দেখতে পারেনি সুবর্ণা। তিন কন্যাসন্তানকে নিয়ে এখন দিশেহারা তার মা।
অন্যদিকে, উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিন বাবার আদর-স্নেহ বোঝার আগেই হারিয়েছে তাকে। তার বাবা বুলবুল ইসলাম পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মাকে নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটছে রাজিনের। এমন অসহায় অবস্থায়ও পরিবারটির পাশে সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা পাঠিয়েছি। কিন্তু এখনো কোন সুফল পাইনি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. আকতার বানু জানান, টাকা উত্তোলন করে কিছু সরঞ্জাম কেনা হয়েছে। এমপির স্যারের কাছ থেকে সময় নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে সুযোগ বুঝে শিক্ষার্থীদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হবে। কোনো ধরণের অনিয়ম করা হয়নি।
এর আগে উপজেলার ১০টি বিদ্যালয়ের স্কুল উন্নয়ন কার্যক্রমের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই বরাদ্দের অর্থ থেকেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তা আক্তার বানুর বিরুদ্ধে। একের পর এক সরকারি বরাদ্দের অর্থ ব্যবস্থাপনা নিয়ে এমন অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক ও সচেতন মহল।
প্রতিনিধি/এআরএম