Dhaka Mail Logo

সারাদেশ

প্রযুক্তির সহায়তায় স্বজনদের কাছে মায়ের মরদেহ পৌঁছে দিল পুলিশ

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন থেকে উদ্ধার ষাটোর্ধ্ব এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে পুলিশ। পরবর্তীতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

মারা যাওয়া নারীর নাম রাজিয়া খাতুন (৬০)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের তমিজ উদ্দিন ও সখিনা খাতুন দম্পতির মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাতের কোনো এক সময়ে তিতপল্লা কামাখান বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ির বারান্দায় ওই নারী মারা যান। খবর পেয়ে জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নূর মোহাম্মদ খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের তৎপরতা ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাতপরিচয় ওই নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

নিহত বৃদ্ধার মেয়ে শাবনুর বেগম বলেন, আমি জন্মের পর থেকেই দেখছি আমার মা মানসিক ভারসাম্যহীন। তিনি মামাবাড়িতে থাকতেন। এ পর্যন্ত ১৫ থেকে ২০ বার তিনি হারিয়ে গিয়েছিলেন। মামা ও পুলিশ মিলে প্রতিবার তাকে উদ্ধার করেছে। 

গত তিন মাস আগে মা আবার হারিয়ে যান। আমরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাইনি। শুক্রবার শুনি মাকে জামালপুরে পাওয়া গেছে। পরে এসে দেখি মা মারা গেছেন।

তিনি আরও বলেন, পুলিশ চাইলে আমার মায়ের মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করে দিতে পারত। কিন্তু তা না করে পুলিশ আমার মায়ের পরিচয় শনাক্ত করে আমাদের খবর দিয়েছে। এখন আমি আমার মায়ের মরদেহ বাড়িতে নিয়ে দাফন করতে পারব।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বৃদ্ধার মরদেহ পাওয়ার পর পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। পরে ভালুকা থানায় বার্তা পাঠানো হলে স্বজনেরা খবর পান। শুক্রবার রাতে বৃদ্ধার ভাই ও মেয়ে থানায় আসার পর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ