জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এই অভিযান চালায় ৫৩ বিজিবির একটি দল।
রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদে ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সোলার প্যানেলগুলো ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯টি ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করা হয়। জব্দ এসব সোলার প্যানেল পরবর্তী আইনগত প্রক্রিয়া হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে, অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ।
প্রতিনিধি/এলএ