Dhaka Mail Logo

সারাদেশ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়। সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় পরিচালিত এ অভিযানে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অংশ নেয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে কোস্টগার্ড। পরে বিশেষ অভিযান চালিয়ে বোট দুটি জব্দ করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধারসহ ৩৮ জেলেকে আটক করা হয়।

প্রতিনিধি/এলএ