জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
দিনাজপুরের কাহারোল ও রংপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে এদিন ভোর ও সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কাহারোল থানার বাইশপুর গ্রামের ছাত্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক মো. ছাত্তারকে (৪৫) গ্রেফতার করা হয়। পরে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে এসআরবি-১৩ রংপুরের একটি দল রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন কেল্লাবন্দ সিও বাজার এলাকায় অভিযান চালায়। রংপুর থেকে সৈয়দপুরগামী সড়কে রাকিব এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় বাসের যাত্রী কুমিল্লা সদর দক্ষিণের ভাটেরা এলাকার মো. সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি