Dhaka Mail Logo

সারাদেশ

বোচাগঞ্জ সীমান্তে ২৮০ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার টাকা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করে মাদক পাচারের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের তৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

প্রতিনিধি/টিবি