Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে বিসিবি পরিচালক মিজানের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ হয়। এ সময় স্টেডিয়ামের প্রধান ফটকে টাঙানো মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বিসিবি পরিচালক মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকার একটি স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ‘ফরচুন মিজান’। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। তার দাবি, মিজানুর রহমান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক হলেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাজমুল হুদা আরও বলেন, শুক্রবার রাত ৮টার দিকে স্টেডিয়ামে গিয়ে উত্তেজিত নেতা-কর্মীরা মিজানের ব্যানারে আগুন দেন। তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে কিছু যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন।

অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না। ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি জানেন না। কেউ তাকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।

প্রসঙ্গত, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন। শুক্রবার তার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

প্রতিনিধি/টিবি