Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কা, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় এক সাংবাদিকের স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তার ৮ বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। 

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলা রানীকে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

S

এ ঘটনায় আহতরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়েশা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। এ সময় চালকসহ গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলা রানীকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এএইচ