Dhaka Mail Logo

সারাদেশ

ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান, মুন্সিগঞ্জে ৩৭ কিশোর আটক

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট-সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ জন কিশোর ও তরুণকে আটক করেছে পুলিশ। তাদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তারা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মোল্লাচর এলাকার নদীতীর থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে আটক করা হয়।

পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

b180a431-0273-40c1-af95-78a9b4625d3d

এদিকে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে মুন্সিগঞ্জ সদর থানার সামনে ভিড় করেন তাদের অভিভাবকেরা। তাদের দাবি, সন্তানরা ঘুরতে এসে পরিস্থিতির শিকার হয়েছে। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে থানার সামনে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগে ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচির ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একই ধরনের কর্মসূচি হতে পারে—এমন তথ্য পুলিশের কাছে ছিল।

তিনি বলেন, নদীতে নোঙর করা নৌযান থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে মোট ৩৭ জনকে আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস