জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুলখানির (মজলিস) খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে এত রোগীর চিকিৎসা নিতে আসার ঘটনাকে নজিরবিহীন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাত ১১টার দিকে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম। তার মৃত্যুতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানি উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়। সেখানে প্রায় এক হাজার মানুষের খাবারের ব্যবস্থা ছিল বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আফতাব আলী।
আয়োজনের খাবার খাওয়ার পর অতিথিদের মধ্যে পাতলা পায়খানা, বমি ও পেটব্যথার উপসর্গ দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকলে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ আশিক মিয়া বলেন, মজলিস থেকে ফেরার পর তার পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। তার ধারণা, খাবারের সমস্যার কারণেই এমনটি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আফতাব আলী বলেন, ওই আয়োজনে খাবার খেয়ে তিনিও অসুস্থ হয়েছেন। প্রায় এক হাজার মানুষের খাবারের আয়োজন ছিল। তিনি অনেকের খোঁজখবর নিয়েছেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আয়োজন করতে গিয়ে কী থেকে কী হয়ে গেল! অবশ্যই তাদের আরও সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স মাহমুদা আকতার বলেন, তাদের হাসপাতালে দুজন রোগী ভর্তি আছেন। বর্তমানে তাদের অবস্থা ভালো। তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাদের খাদ্যে বিষক্রিয়াজনিত অসুস্থতা (ফুড পয়জনিং) হয়েছে।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য ২০০টি স্যালাইন দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস