জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে এবং মুক্তির প্রশ্নে রাজপথে নেমেছিলেন হাদি। তার হত্যার বিচার দাবির অন্যতম কারণ, এ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা মনে করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী এ পদযাত্রার আয়োজন করে সংগঠনটি।
এর আগে জুমার নামাজের পর একই দাবিতে কক্সবাজার শহরে মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা এবং কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন।
কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।’
কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
এ ছাড়া এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।
প্রতিনিধি/এসএস