জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
কোরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেওয়া ব্যক্তিদের ‘জন্মের ঠিক নেই’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, যারা অতীতে বাধা দিয়েছে, বর্তমানে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আমির হামজা নবীজির সময়েও কোরআনের প্রচারে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে আনেন। এ সময় তিনি বাধাদানকারীদের উদ্দেশে নবীজির নামে একটি অবমাননাকর উক্তিও উল্লেখ করেন।
নিজের অডিও ফাঁসের বিষয়ে আমির হামজা বলেন, ছয় বছর আগের কোনো ঘটনার অডিও এখন প্রকাশ করা হচ্ছে। কোনো নারীর সঙ্গে কারও কথোপকথন তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এত দিন পর এসব বিষয় সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, ২০১২ সাল থেকে তিনি কোরআনের ময়দানে বক্তব্য দিয়ে আসছেন; কিন্তু ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই এসব বিষয় সামনে আনা হচ্ছে।

নারীদের মর্যাদা প্রসঙ্গে আমির হামজা বলেন, মেয়েদের মর্যাদা এখন আকাশচুম্বী। অনেকে তাকে নারীবিরোধী বলে মন্তব্য করেন উল্লেখ করে তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি তার মেয়েদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে একই বক্তব্যে নারীদের পোশাক, পরিচয় ও পুরুষদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ সময় তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়ার কথাও বলেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া সাবেক আমির ওলিয়ার রহমান, মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে আসরের নামাজের পর মঞ্চে ওঠেন আমির হামজা। তিনি প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্তের পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে বৃহস্পতিবার একই স্থানে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেয়। দিনভর নানা নাটকীয়তার পর বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিল আয়োজনের বিষয়ে বিএনপি ও জামায়াত একমত হয়।
উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার রাত ১১টায় কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস