জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে পুলিশের একটি সরকারি গাড়ির গতিরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে গাড়িটিতে হামলা চালিয়ে বিভিন্ন অংশ ও কাচ ভাঙচুর করা হয়। পুলিশ বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তাঁরা তা উপেক্ষা করে ভাঙচুর চালিয়ে যান। একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাঁকা নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রতিনিধি/এসএস