Dhaka Mail Logo

সারাদেশ

বাড়ির ওপর বালুবোঝাই ডাম্পার উল্টে ঘুমন্ত তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

রংপুর নগরীতে রাস্তার পাশে একটি বাড়ির ওপর বালুবোঝাই ডাম্পার উল্টে পড়ে ঘুমন্ত অবস্থায় সিনথিয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার গর্ভবতী মা আশা মনি গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডাম্পারের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহত সিনথিয়া ওই এলাকার পিন্টু মিয়ার প্রথম সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বালুবোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটি ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তৃতীয় শ্রেণির ছাত্রী সিনথিয়া ও তার মা আশা মনি ডাম্পারের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার গর্ভবতী মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ডাম্পারের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ডাম্পারের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস