জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ঝিনাইদহের মহেশপুরে পরকীয়ার সন্দেহ এবং বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেওয়াকে কেন্দ্র করে নাজমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে মারধর করে এক বছর বয়সী সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী জাহিদ হাসান শুভর বিরুদ্ধে।
গত ১৩ নভেম্বর রাতে উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীর দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে ওই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ প্রকাশ করে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করেন স্বামী। একপর্যায়ে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে প্রাণভয়ে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নেন।

খবর পেয়ে নাজমিনের বাবা ওসমান গনি তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার বারবাজারের পিরোজপুরে নিজের বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নাজমিন খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন। চাহিদামতো টাকা দিতে না পারলে তাকে মারধর করা হয়। তার দাবি, স্বামী বেকার ও মাদকাসক্ত। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাজমিন খাতুনের শরীরে ফোলা ও রক্তাক্ত জখম রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, গৃহবধূ নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস