জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
ঝিনাইদহের মহেশপুরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদ নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুড়াদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুড়াদহ গ্রামের মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম উদ্দিন। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের স্বামী বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন ও স্বজনেরা নূর মোহাম্মদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস