Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে শ্রমিক দল নেতা হত্যা: সাবেক স্ত্রী, শ্যালিকাসহ আটক ৩

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় তার সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং তার বর্তমান স্বামী মো. সেলিমকে (২৫) আটক করেছে র‍্যাব-১১।

পরকীয়ার সম্পর্ক, বিবাহবিচ্ছেদ ও পরবর্তী ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন বলে দাবি করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

র‍্যাব জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে তার পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিচ্ছেদ মেনে নিতে পারেননি এবং পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিয়ে হয় মুক্তার। বিষয়টি জানার পর রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল করে তাকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে মুক্তার বাড়িতে যান রাসেল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আটক ব্যক্তিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। হত্যাকাণ্ডের পর ঘটনা ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে কম্বল দিয়ে মুড়িয়ে রাসেলের মরদেহ মাটিচাপা দেওয়া হয় বলে জানায় র‍্যাব।

গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, মামলার ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে আটক করা হয়। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করা হয়। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস