জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে ট্রাক্টরের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০) নামে এক বৃদ্ধ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নাতি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন দাদা। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের সূত্রে জানা যায়, দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে দ্রুতগতিতে ছুটে আসে একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টরের ধাক্কা থেকে নাতিকে বাঁচাতে দ্রুত তাকে সরিয়ে দেন শাহজাহান। তবে নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন শাহজাহানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের আঘাত লাগেনি বলে জানা গেছে।
নাতিকে বাঁচাতে গিয়ে দাদার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস