Dhaka Mail Logo

সারাদেশ

পদ্মায় ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল ১১ বছরের শিশুর

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরির সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে গেছেন এর চালক (সুকানি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিশুটিকে স্পিডবোটে করে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘কাকলি’ নামের ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়।

29a7ad0f-1751-4565-ba84-f85dea017de4

এতে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এ সময় কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লেগে ১১ বছর বয়সী শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়।

সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে সুকানি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত ও তাকে আটক করতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

প্রতিনিধি/এসএস