জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রিপন সরদার।
পুলিশ সূত্রে জানা গেছে, তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবরকান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। মো. মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। রিপন সরদার একই উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।
অন্যদিকে, মো. জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী হওয়ার পাশাপাশি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে তারা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভিডিওতে টোলপ্লাজার সামনে লোকজনের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন সেতু পারাপারকারী যাত্রীরা।

এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার চারজনই মামলার এজাহারভুক্ত আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ৯ নভেম্বর রাতে টোলপ্লাজা এলাকায় ঘটে যাওয়া ঘটনায় ১২ নভেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। একই দিন রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসএস