জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে চার সদস্যের যৌথ তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। তারা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার থেকে তারা তদন্তকাজ শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণের পাশাপাশি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সদস্য ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় তদন্তকাজ চলছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুম ও তার পরিবারের দাবি, পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি/এসএস