Dhaka Mail Logo

সারাদেশ

কুলাউড়া সীমান্তে ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮৪৬/১৫-এস নম্বর সীমান্ত পিলার হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে পাগলাটিলা এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক চোরাকারবারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এআরএম