Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে কিশোর অটোচালক হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর কিশোর অটোচালক সিহাব রানা হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য জানিয়েছেন। এরে আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামিরা হলেন- গোদাগাড়ীর লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল, স্ত্রী জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের ছেলে মো. সুজন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাগানপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আব্দুল হালিম।

পুলিশ জানায়, ১৬ বছর বয়সী কিশোর সিহাব রানা গত ২৭ অক্টোবর বিকেলের দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় অভিযুক্ত হাবিবুল বাসার শিমুল সিহাব রানার অটোরিকশাটি ২০০ টাকা ভাড়ায় গ্রামের উদ্দেশ্যে রওনা করে; পূর্বপরিকল্পনা মোতাবেক অটোরিকশাটি গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছায়। 

এ সময় অভিযুক্ত হাবিবুল পিছন দিক থেকে ভিকটিম সিহাব রানার মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করে তাকে রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় হাসিবুল।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে পরিবারের সদস্যরা সিহাবকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। এরপরও কোনো সন্ধান না পাওয়ায় তার বাবা সোহেল রানা পরদিন ২৮ অক্টোবর ছেলের নিখোঁজসংক্রান্তে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের চারদিন পর ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ সিহাব রানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পিতা সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানার গত ১ নভেম্বর মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামসুল আলম, থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার চৌকস দল তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান পরিচালনা করেন। 

চাঁপাইনবাবগঞ্জের সদর থানার জয়নগর মীরপাড়ায় পরিচালিত অভিযানে ওই এলাকার একটি অটোগ্যারেজ থেকে কিশোর অটোচালক সিহাব রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশের এই টিম।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসআই