Dhaka Mail Logo

সারাদেশ

‘দাম বাড়লেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষ তিনবেলা ভাত খেতে পারছে’

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, সবকিছু দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনও দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার এমন লুটপাট করছে যে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। তারা শুধু পালিয়ে যাননি তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। সেই পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। আমরা বলতে চাই, এত খুন, গুম, মানুষকে পঙ্গু করে ফেলার পর কীভাবে ভাবেন এই দেশে আপনাদের বিচার হবে না।

‘এদেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো।’

ডা. জাহিদ বলেন, ‘বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী প্রমুখ বক্তব্য দেন।

প্রতিনিধি/এএম