জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মানিককে (২০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মামলার বাদী মিনত সরকার ও তার ছোট ভাই স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে তারা চুরির ঘটনা সম্পর্কে জানতে পারেন।
এ সময় বাড়ির লোকজন টিউবওয়েলের কাছে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে রক্তাক্ত জখম ছিল। পরে পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে তারা দেখতে পান, তিন ভাইয়ের বাড়িতে থাকা তিনটি পানির পাম্প চুরি হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, দিনাজপুরের সিপিসি-১ এবং এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের সিপিএসসির একটি যৌথ দল বৃহস্পতিবার রাতে নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার প্রধান আসামি মানিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
প্রতিনিধি/এসএস