জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
বরিশালের গৌরনদীতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি কাঠের পুল ফিতা কেটে উদ্বোধন করেছেন বিএনপির এক নেতা। বেলুন দিয়ে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে পুল উদ্বোধনের এ আয়োজন ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার এলাকায় জালাল খলিফার বাড়ির পাশে একটি খালের ওপর কাঠের পুলটি নির্মাণ করেন প্রবাসী বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জুমার নামাজের আগে দোয়া ও মোনাজাত শেষে লাল ফিতা কেটে পুলটির উদ্বোধন করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বুলবুল, অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অনেকে বলছেন, মাত্র ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি কাঠের পুল উদ্বোধনে বেলুন, ফিতা কাটা ও নেতাকর্মীদের উপস্থিতিসহ আনুষ্ঠানিক আয়োজন বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। পুলের নির্মাণ ব্যয়ের তুলনায় উদ্বোধনী আয়োজনের জাঁকজমক নিয়েও এলাকায় আলোচনা চলছে।
প্রতিনিধি/এসএস