Dhaka Mail Logo

সারাদেশ

এমপি নুসরাতের বাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা 

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতপুর থানায় মামলাটি করেন তিনি নিজেই। 

এ মামলায় এজাহারনামীয় আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.মমিনুর রহমান মোহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে করা মামলায় এজাহারনামীয় আটজনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এসময় এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। 

তিনি আরও জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। বাড়িটিতে গবাদিপশুর খামার রয়েছে। এ ঘটনায় দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা যায়। 

প্রতিনিধি/এলএ