Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ এএম

পঞ্চগড়ে আকস্মিক শিলাবৃষ্টিতে চার উপজেলার ৮৫ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান কাটার অপেক্ষায় থাকা কৃষকেরা এতে উদ্বেগের মধ্যে পড়েছেন। বিশেষ করে পাকা ধানের শীষ ঝরে পড়া ও গাছ নুয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ক্ষয়ক্ষতির এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর দুই দফায় জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার পাকা আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। কোথাও শিলার আঘাতে ধানের শীষ ঝরে পড়েছে, কোথাও নুয়ে পড়েছে পাকা ধানগাছ। আবার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা ধান।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর দৌলতপুর এলাকায় গিয়ে দেখা যায়, শিলাবৃষ্টিতে অনেক কৃষকের পাকা আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা জানান, সারা বছরের খাদ্যের জোগান ও সংসারের খরচ মেটানোর আশায় তাঁরা আমন ধান আবাদ করেছিলেন। ধান কাটার ঠিক আগমুহূর্তে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় তাঁদের সেই আশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় আর্থিক লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পঞ্চগড়ে ১ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ধান কাটা বাদে মাঠে থাকা ৭১ হাজার ২৭৫ হেক্টর জমির ফসলের ৮৫ হেক্টর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপপরিচালক আব্দুল মতিন জানান, শিলাবৃষ্টিতে তেঁতুলিয়ায় ৫০ হেক্টর, পঞ্চগড় সদরে ৫ হেক্টর, আটোয়ারীতে ২০ হেক্টর এবং বোদা উপজেলায় ১০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত ফসলের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এআর