নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ০১:২০ এএম
ময়মনসিংহ নগরীতে এক কিশোরের ছুরিকাঘাতে রানা (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে নগরীর চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।
নিহত রানা জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোখলেস (১৬) ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেস ও রানা নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার একটি বোতল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে কারখানার অধিকাংশ শ্রমিকের ছুটি হয়ে যায়। কারখানার মালিকসহ অন্যরা নামাজে গেলে সেখানে কাজ করছিল মোখলেস ও রানা।
একপর্যায়ে রানার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এআর