Dhaka Mail Logo

সারাদেশ

কুয়াকাটায় জেলের জালে বিরল নীল কাঁকড়া, দেখতে মানুষের ভিড়

উপজেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

উজ্জ্বল নীল রঙের দাঁড়া, সাদা ছোপযুক্ত খোলস— দেখতে যেন প্রকৃতির নিজ হাতে আঁকা কোনো শিল্পকর্ম। ব্যতিক্রমী রঙ ও আকৃতির এমন একটি সামুদ্রিক কাঁকড়া ঘিরে পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কাঁকড়াটি দেখতে বাজারে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরাও। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কুয়াকাটা মেয়র বাজারের গাজী ফিশে কাঁকড়াটি নিয়ে আসেন স্থানীয় জেলেরা। সাগর থেকে ধরা অন্যান্য মাছের সঙ্গে বিক্রির জন্য আনা হলেও এর ব্যতিক্রমী রঙের কারণে মুহূর্তেই সবার নজরে আসে এটি। বিশেষ করে উজ্জ্বল নীল দাঁড়া ও সাদা ছোপযুক্ত খোলস দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

জেলে হাবিব বলেন, সাগরে মাছ ধরতে গেলে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির কাঁকড়া জালে ধরা পড়ে। তবে এত বড় ও উজ্জ্বল নীল রঙের কাঁকড়া সচরাচর দেখা যায় না। রঙ ও আকৃতিতে আলাদা হওয়ায় বাজারে আনার পর অনেকেই এটি দেখতে ভিড় করেছেন। এমন কাঁকড়া দেখে আমরাও অবাক হয়েছি।

সিলেট থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মুন্না বলেন, বেড়াতে এসে এমন ব্যতিক্রমী নীল রঙের কাঁকড়া দেখতে পাব, তা ভাবিনি। কাঁকড়াটির রঙ ও আকৃতি সত্যিই আকর্ষণীয়। জীবনে প্রথমবার এত সুন্দর ও ভিন্ন রঙের কাঁকড়া দেখলাম।

পরে স্থানীয় ফিশ ফ্রাই ব্যবসায়ী জামাল কাঁকড়াটি কিনে নেন। তিনি জানান, কাঁকড়াটি ফ্রাই করে বিক্রির পরিকল্পনা রয়েছে তার। তবে দোকানে নেওয়ার পরও সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। ব্যতিক্রমী এই সামুদ্রিক প্রাণীটি খাবার হিসেবে বিক্রির বিষয়টিও অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান কাঁকড়াটির পরিচয় নিশ্চিত করে বলেন, এটি নীলাভ সাঁতারু কাঁকড়া। এর বৈজ্ঞানিক নাম Portunus pelagicus। সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির কাঁকড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, অতিরিক্ত ও অপরিকল্পিত আহরণ, ডিমওয়ালা ও ছোট আকারের কাঁকড়া শিকার, সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে এদের অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থা থেকে উত্তরণে ডিমওয়ালা স্ত্রী কাঁকড়া আহরণ নিরুৎসাহিত করা, ছোট কাঁকড়া ধরা নিয়ন্ত্রণ এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সামুদ্রিক ও উপকূলীয় আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, নীল রঙের এ ধরনের কাঁকড়া সামুদ্রিক পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। কাঁকড়াটির সঠিক প্রজাতি শনাক্ত করার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রাণীর প্রতি সচেতন হওয়া প্রয়োজন। বিরল বা ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণী দেখলে সেগুলোর সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

প্রতিনিধি/এলএ