Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে ৫ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, চিকিৎসক ও জনবল সংকট

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

মহামারির রূপ নিয়ে দক্ষিণ উপকূলীয় জেলা পিরোজপুরে হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কোনো মতেই থামানো যাচ্ছে না এই প্রাদুর্ভাবের গতি। বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড গড়া এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫ হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ জন নতুন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। সারা দেশের নিরিখে পিরোজপুরের এই ভয়াবহ ও লাগামহীন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমান চিত্র:

​চলতি বছরে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫,৩৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে এই সংখ্যা ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে কেবল জেলা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন প্রায় ৬৬ জন।

​সরকারি হিসাবে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মাত্র ১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হলেও, স্থানীয় বাসিন্দাদের দাবি ও কথিত তথ্য অনুযায়ী, জেলায় আরও ৫ থেকে ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে, এর মধ্যেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার—আক্রান্ত রোগীদের মধ্যে ইতোমধ্যে ৫,২০৭ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

​ওয়ার্ড স্থানান্তর হলেও কাটেনি চিকিৎসাসেবার সংকট: 


​রোগীদের উন্নত পরিবেশ দেওয়ার জন্য পিরোজপুরের পুরাতন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ডেঙ্গু ওয়ার্ডটি নবনির্মিত আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু অবকাঠামোগত পরিবর্তন এলেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের তীব্র সংকটের কারণে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীর স্বজনদের অভিযোগ, ডেঙ্গু ওয়ার্ডে রাউন্ড দেওয়ার মতো পর্যাপ্ত ডাক্তার পাওয়া যায় না এবং নার্সদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

​জনবল সংকট:

পিরোজপুর স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করলে সংকটের আসল চিত্র স্পষ্ট হয়ে ওঠে। জেলা হাসপাতালে স্বাভাবিক সময়েই প্রায় ৪০০ জন রোগী ভর্তি থাকেন। অথচ এই বিপুল পরিমাণ রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা যাদের, সেই অনুমোদিত ৬২ জন চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে মাঠে আছেন মাত্র ১৫ জন। অর্থাৎ অর্ধেকেরও বেশি চিকিৎসকের পদ শূন্য পড়ে রয়েছে।

​অন্যান্য পদের চিত্রও প্রায় একই রকম ১৫২টি কর্মচারী পদের বিপরীতে কর্মরত আছেন ১৩৭ জন এবং আউটসোর্সিং জনবল রয়েছে মাত্র ২১ জন। সাধারণ ওয়ার্ডের চাপ সামলানোর পাশাপাশি ডেঙ্গুর এই মহাসংকটে এত কম জনবল নিয়ে ২৪ ঘণ্টার চিকিৎসাসেবা চালু রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

​টেস্টে সরকারি হাসপাতালের ধীরগতি চরম ভোগান্তি:

ডেঙ্গু আক্রান্ত রোগীদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হলো পিরোজপুর জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগ। রোগীদের স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগ, জেলা হাসপাতালে ডেঙ্গু বা অন্যান্য প্রয়োজনীয় টেস্ট করানোর পর রিপোর্ট হাতে পেতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যায়।

​ডেঙ্গুর মতো একটি দ্রুত পরিবর্তনশীল ও ঝুঁকিপূর্ণ রোগের ক্ষেত্রে টেস্টের রিপোর্ট পেতে এত দীর্ঘসূত্রিতা রোগীর জীবনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। রিপোর্ট পেতে এই বিলম্বের কারণে বাধ্য হয়ে সাধারণ ও দরিদ্র রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে একদিকে যেমন : সাধারণ মানুষের পকেট কাটছে, অন্যদিকে চরম আর্থিক চাপ ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

​স্বাস্থ্য কর্তৃপক্ষের বক্তব্য:

সার্বিক পরিস্থিতি এবং জনবল সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান জানান, ডেঙ্গু রোগীদের বিশেষ যত্ন ও আলাদা পরিচর্যা নিশ্চিত করতে সাধারণ মেডিসিন ওয়ার্ড থেকে ডেঙ্গু ওয়ার্ড সম্পূর্ণ আলাদা করা হয়েছে। তিনি আরও দাবি করেন যে, পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে সব ধরনের টেস্ট সুবিধা চালু রয়েছে।

​জনবল সংকটের বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন জানান, সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং তারা খুব দ্রুত এই ঘাটতি পূরণের আশ্বাস দিয়েছেন।

​সংশ্লিষ্ট সচেতন মহল ও চিকিৎসকদের মতে, ডেঙ্গুর এই ভয়াবহতা রোধে এখনই শুধু হাসপাতালে চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। পর্যাপ্ত সচেতনতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের কঠোর ও পরিকল্পিত নজরদারি না বাড়ালে আগামী দিনে পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি আরও বেশি ভয়াবহ ও মহামারি আকার ধারণ করতে পারে। একইসঙ্গে, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দ্রুত অতিরিক্ত চিকিৎসক ও মেডিকেল টিম পিরোজপুরে প্রেরণ না করলে, চিকিৎসাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/ এজে