Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্তে নিরাপত্তা জোরদার ৪২ বিজিবির, বাড়ছে প্রযুক্তিনির্ভর নজরদারি

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নজরদারি জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রেখেছে সীমান্তরক্ষী বাহিনীটি। একই সঙ্গে সীমান্ত পর্যবেক্ষণে ফ্লাডলাইট, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী মানুষের জানমাল সুরক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের আপস না করে পেশাদারিত্ব, দক্ষতা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর বিজিবি।

প্রতিনিধি/এলএ