Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় অটোরিকশায় মিলল ১০ লাখ টাকার গাঁজা, ২ কারবারি আটক

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যুবককে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক দুই যুবক হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মো. মনির উদ্দিন (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. শাহ আলম (৩২)।

আটক দুই যুবক মাদক কারবারি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশির পর ১৭টি পোটলায় মোট ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে অটোরিকশায় থাকা ওই দুই যুবককে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা করেছেন।

সহকারী পরিচালক নাজমুল হক বলেন, মামলার পর তাদেরকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এজে