জেলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ছাত্র হলো বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। আহত ছাত্রের নাম রাব্বি (১৬)। তিনি সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে। আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে সাহাপাড়া এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত ও আহত তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দুই মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস