জেলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি এবং সমাজসেবা কার্যালয়ের আবাসপত্র, কম্পিউটার, একটি ল্যাপটপ, প্রিন্টার, জানালা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এ ছাড়া ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে খোঁজাখুঁজি করে খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন তারা।

তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাজসেবা কার্যালয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস