Dhaka Mail Logo

সারাদেশ

ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভাণ্ডার রক্ষক ফয়সালের মৃত্যু

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

চাঁদপুর পৌরসভার ভাণ্ডার রক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেঠাতো ভাই শেখ আল মামুন।

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। সাত বছর বয়সী ছেলে একটি হিফজ মাদরাসায় অধ্যয়নরত। প্রায় তিন বছর আগে তার বাবা মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরানবাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস