Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে কাঁচাগোল্লার কারখানায় তেলাপোকা, মালিকের এক বছরের জেল

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

নাটোর শহরের লালবাজার এলাকার ঐতিহ্যবাহী জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য আদালত। কারখানায় তেলাপোকার উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে শহরের লালবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার।

8562775b-7f18-4cac-8c3a-d1a9fcd322c5

দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু নাটোর শহরের জয়কালিবাড়ী এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে।

নাটোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান জানান, জয়কালিবাড়ীর দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডার নাটোরের পুরোনো ও ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোর একটি। প্রতিষ্ঠানটির তৈরি আদি কাঁচাগোল্লা একসময় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো। স্বাদ ও মানের কারণে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনামও ছিল।

তিনি বলেন, অভিযানে কারখানার ভেতরে কাঁচাগোল্লা ও মায়াক্ষীর সন্দেশ তৈরির স্থান এবং সংরক্ষণাগারে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্য পড়ে ছিল। এ ছাড়া খাদ্যপণ্যের আশপাশে প্রচুর তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়।

8ea3091d-6249-4557-aabe-0d84834278d0

নিয়ামুল হাসান আরও জানান, এসব অনিয়মের পাশাপাশি খাবার প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় আদালত প্রতিষ্ঠানটির মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে কারখানায় থাকা আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়।

প্রতিনিধি/এসএস