জেলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।
এদিকে, টানা শ্রমিক আন্দোলনের পর মজুরি বোর্ডের আশ্বাসে গত ৮ ও ৯ নভেম্বর শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শ্রমিকেরা কাজে ফিরলেও ১০ নভেম্বর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি পালন ও সড়কে নামার চেষ্টা করলে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

গতকাল বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করেন। তবে বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটলেও অন্যান্য এলাকার বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
প্রতিনিধি/এসএস