Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেফতার ও আটকের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস