জেলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৯ বছরের এক শিশু শিক্ষকের যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ (৪৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সবুজ দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি মৈশামূড়া বাজারে একটি ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ওই দোকানেই প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর ওই শিশু ও তার দুই ছেলে সহপাঠী প্রাইভেট পড়তে শিক্ষকের দোকানে যায়। নির্ধারিত সময় পার হওয়ার পরও মেয়ে বাড়িতে না ফেরায় তার মা খোঁজ নিতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।
পরে শিশুটি মাকে জানায়, অভিযুক্ত শিক্ষক তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেছেন। মেয়ের কাছ থেকে এমন অভিযোগ শুনে মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, তার মেয়েকে ওই প্রাইভেট শিক্ষক যৌন নির্যাতন করেছেন। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত সোমবার (৯ নভেম্বর) উপজেলার নতুন কহেলা গ্রামে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিনিধি/এসএস