Dhaka Mail Logo

সারাদেশ

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এফটিসি মার্কেটের সামনে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। পরে তা উপজেলা শহরের পুরান থানা রোড়, এফটিসি মার্কেটে ছড়িয়ে পড়ে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় পরিস্থিতি থমথমে বিরাজ করছিল। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা ছাত্র দলের আহবায়ক সাইমুন হক রাজিব এ হামলার জন্য জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের কর্মীদের দায়ী করেন। 

তবে জামশেদুর রহমান ফটিক এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা রাজিবের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যায় দাগনভূঞা বাজারে এফটিসি মার্কেটের সামনে বিএনপির দুটি পক্ষ হঠাৎ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা মার্কেটে ভাঙচুর করে। হামলা-ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

এরা হলেন- সাবেক জেলা যুবদলের সদস্য মোজ্জামেল হক মাসুদ, পৌর যুবদল নেতা আরমান, ৮ নং জয়লষ্কর ইউনিয়ন ছাত্রদল নেতা এলমান হোসেন, কলেজছাত্র দলের যুগ্ন সম্পাদক নিহাদ, সাজ্জাদ নিলয়, কলেজ ছাত্রদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম, পৌর যুবদল নেতা আবদুল্লা আল মামুন, কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ছুট্ট, মোঃ তোফায়েল, মোঃ ইব্রাহিম।

ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, আমরা সন্ধ্যায় ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ জেল থেকে বের হওয়ার পর মার্কেটের সামনে বসে কথা বলছিলাম। এই সময় মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। হামলায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীনা আকবরের ছোট ভাই মিল্টন গুরুতর আহত হয়। এছাড়াও আমাদের আরও ১০ জনের উপর আহত হয়।

অন্যদিকে, সাবেক ছাত্রনেতা জামশেদুর রহমান ফটিক পাল্টা অভিযোগ করে বলেন, আগের দিন শ্রমিকদল নেতা জসিমের পক্ষ থেকে আমাদেরকে সামনে বাজারে আসার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই পেক্ষিতে তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় আার মেজো ভাই পলাশ গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এছাড়াও আমাদের আরও ৫ জন আহত হয়েছে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুন্দ্রেহ সাহা বলেন, উপজেলা শহরের ঘটনায় হাসপাতালে ৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত  মিল্টন ও পলাশ নামে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সেখানে আমিসহ  পুলিশ কর্মকর্তা কাজ করছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ বাজারে টইল জোরদার করেছে। এ বিষয়ে রাত নয়টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এলএ