জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের পর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ার ঘটনায় করা মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফুন্নাহার রুবী।
এ মামলায় সাজাপ্রাপ্ত চারজনের বাড়ি নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে। তারা হলেন- রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মামুন বাবু।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে শিশুটিকে তুলে নিয়ে যান আসামিরা। পরে তাকে ফেরত দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তবে আর্থিক সামর্থ্য না থাকায় ওই অর্থের জোগান দিতে পারেনি শিশুটির পরিবার।
অপহরণের পরদিন জামালপুরের নারিকেলী বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার প্রায় ২৬ দিন পর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটি রাইসুল হুদাকে শনাক্ত করে। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের নামও জানান।
এ ঘটনায় শিশুটির বাবা ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলায় চারজনকে নামীয় আসামি করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযুক্ত করা হয়। তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ওই বছরের ২৬ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে সাজা পরোয়ানার ভিত্তিতে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত।
প্রতিনিধি/এলএ