জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বিভিন্ন বাস-ট্রাকস্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফেঁসেছেন ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের সাবেক পুলিশ পরিদর্শক (টিআই প্রশাসন) মো. তুহিন লস্কর। দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে এই মামলাটি করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান শেষ করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন। পরবর্তীতে তার ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে সম্পদ বিবরণী জারি করা হয়।
সম্পদ বিবরণী যাচাই শেষে দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী মোস্তাফিজ পৃথক মামলার সুপারিশ করে যাচাই প্রতিবেদন দাখিল করেন। দুদকের প্রধান কার্যালয়, ঢাকার অনুমোদন পাওয়ার পর সহকারী পরিচালক মোস্তাফিজের মাধ্যমেই মামলাটি রেকর্ড করা হয়। মামলাটির তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক রতন কুমার দাশ।
মামলার বিবরণ অনুযায়ী, আসামি তুহিন লস্কর জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ১৩ লাখ ৮ হাজার ১৬৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখল করে অপরাধ করেছেন। এছাড়া, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার মিথ্যা ও ভিত্তিহীন দায় দেখিয়ে অপরাধ করেছেন তিনি। পাশাপাশি, অবৈধ উপায়ে অর্জিত সম্পদের উৎস গোপনের চেষ্টা করায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে আসামির নিজ নামীয় ট্যাক্স ফাইল জব্দ করা হয়েছে। পাশাপাশি আদালতের আদেশের মাধ্যমে তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
তুহিন লস্করের নামে থাকা উল্লেখযোগ্য স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে— ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রজেক্টে ১২৫ বর্গফুটের কার পার্কিংসহ ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট (এ-৬, টাওয়ার-০১, ফ্ল্যাট নং-০১), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ডুবি মৌজায় ০.৪৯৫ একর জমি এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা মৌজায় ০.০৫ একর জমি।
প্রতিনিধি/এলএ