জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরকে সিলেট বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকা মেইলের প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৯ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। জহির
জহিরুল ইসলাম জহির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের প্রয়াত আমছের আলীর ছেলে।
আদেশে জানানো হয়েছে, দলের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জহিরুল ইসলাম জহিরকে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা ১৯৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৯৯৫ সালে সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
২০২৩ সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন। সর্বশেষ তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে জাতীয় পার্টির ‘লাঙল’ প্রতীক নিয়ে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন৷
জহিরুল ইসলাম জহির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি সাইদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রতিনিধি/ এজে