Dhaka Mail Logo

সারাদেশ

মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) তাঁদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন তারাটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে সদর ও মুক্তাগাছা থানায় খবর দেওয়া হলে দুই থানার পুলিশের সমন্বয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

তিনি বলেন, বিটুলের কাছ থেকে আরও তথ্য জানতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রতিনিধি/ এজে