জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
রংপুরের পীরগাছায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধানের পাশাপাশি আগাম আলুরও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা যায় এমন চিত্র। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধান ও আগাম আলুর ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
পীরগাছা উপজেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, এ উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আলুর ক্ষেতেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হোক। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলে কিছুটা হলেও ক্ষতির পরিমাণ পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, আকস্মিক শিলাবৃষ্টিতে প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এলএ