জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার(এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করলেও এজাহারে কার কার নাম উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানায়নি।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন।
এ ঘটনায় আহত হন ডিবি পুলিশের এসআই রকিব উদ্দীন জনি, এসআই জিহাদ আলী ও কনস্টেবল ইমরান হোসেন। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা নিতে দেখা যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়।
মামলার বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) রকিবউদ্দীন জনি বলেন, আমি মামলার বাদী। সিটিস্ক্যান করছি পরে কথা বলছি। আপনার ওসি সাহেবের সাথে কথা বলেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা করা হয়েছে। কারা আসামিদের নাম একটু পরে জানানো হবে।
এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা সেখানে মাদক উদ্ধারে গেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ।
প্রতিনিধি/ এজে