Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

যশোর সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৬০) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত শফিয়ার শেখ পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এরই জেরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় স্বজনরা আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। 

এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির অবনতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতালে কর্তব্যরত ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  
প্রতিনিধি/এআরএম