জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
খুলনায় ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেছেন বাদী রায়হান বিন কামাল।
বুধবার (১১ নভেম্বর) সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারক ফারুক ইকবালের কাছে তিনি এ আবেদন জমা দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তদন্তের সময় বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি। ঘটনার সাক্ষীদের বক্তব্য গ্রহণ কিংবা চিকিৎসা নেওয়া হাসপাতালের প্রয়োজনীয় নথিপত্রও সংগ্রহ করেননি। এসব গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ কারণে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন বাদী।
বাদীপক্ষের অভিযোগ, তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ না করেই আসামিদের দায়মুক্তির সুযোগ তৈরি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ মার্চ অসুস্থ বাবার চিকিৎসার জন্য খুলনার পিটিআই মোড়ের অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন রায়হান বিন কামাল। সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের মোড়ে পৌঁছালে ১৪-১৫টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। অভিযোগ অনুযায়ী, সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন ভিপি প্রার্থী বিএম মহিমের নেতৃত্বে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফারাজীপাড়ায় সাবেক স্পিকারের বাড়ির গলিতে নিয়ে যাওয়া হয়।
সেখানে আগে থেকে অবস্থান করা সাদী নামের এক ব্যক্তি তার মোবাইল ফোন ও বাবার চিকিৎসার জন্য রাখা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার হাতের রগ কেটে যায়। পরে দুর্বৃত্তরা তাকে অটোরিকশায় করে শান্তিধাম ফুল মার্কেটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, ওই সময় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার সিটি কলেজের ছাত্রদল মনোনীত দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটে। তারা হলেন ভিপি প্রার্থী রায়হান বিন কামাল এবং এজিএস প্রার্থী ইশতিয়াক আহমেদ ইস্তি। নির্বাচন থেকে তাদের বিরত রাখার উদ্দেশে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ তাদের।
রায়হান বিন কামালের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এ ঘটনায় মামলা করতে পারেননি তারা। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ঘটনার প্রায় ১৪ বছর পর তিনি মামলা করেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সদস্যসচিব।
মামলার তদন্ত কর্মকর্তা ইমরান হোসাইন গত ৩০ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। তদন্তের পদ্ধতি ও তথ্য-প্রমাণ সংগ্রহে ঘাটতির অভিযোগ তুলে এবার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতের শরণাপন্ন হয়েছেন মামলার বাদী।
প্রতিনিধি/এসএস