Dhaka Mail Logo

সারাদেশ

হাসিবের ওপর হামলা: ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর স্ত্রীসহ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিবুল ইসলাম। ১০ নভেম্বর দুপুরে রিসোর্ট থেকে চেকআউট করে অটোরিকশায় রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ১৫ জনের একটি দল তাদের পথরোধ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

887592a7-b85a-4fd0-89f7-f06c8182cf95

এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামি হাবিবুর রহমান তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন। হাসিব বাম হাত দিয়ে তা প্রতিহত করলে তার বাম হাতের কবজির নিচে গুরুতর জখম হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামিরা লাঠি ও রড দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তারা রক্ষা পান। আহত হাসিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন

জানা গেল হাসিবুলের সঙ্গে থাকা নারীর পরিচয়

এর আগে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবুল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক হাসিবকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল করছেন। একপর্যায়ে তিনি হাসিবের দিকে তেড়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাকে শনাক্ত করা হয়েছে। দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস